নাটোরের সিংড়ায় খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে সিংড়া উপজেলা চত্বরে সিটিজেন নেটওয়ার্কের আয়োজনে এবং কসমসের বাস্তবায়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন কসমসের নির্বাহী পরিচালক মেহনাজ মালা, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানাসহ সংশ্লিষ্টরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, দেশে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। অতিরিক্ত চিনি, সোডিয়াম ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত প্রক্রিয়াজাত ও মোড়কাবদ্ধ খাবার এসব স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ। তাই ভোক্তাদের সহজে খাদ্যের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানাতে মোড়কের সামনের অংশে স্পষ্ট ও সহজবোধ্য স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল থাকা প্রয়োজন।
তারা আরও বলেন, পণ্যের মোড়কে দৃশ্যমান স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল থাকলে ভোক্তারা কেনার আগে পণ্যের পুষ্টিগুণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে দ্রুত ধারণা নিতে পারবেন। একই সঙ্গে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও তুলনামূলক স্বাস্থ্যকর পণ্য উৎপাদনে উৎসাহিত হবে।
মানববন্ধন থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রণীত খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোড়কাবদ্ধ খাদ্যে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এতে ভোক্তারা সচেতন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি খাদ্য উৎপাদনেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস