নাটোরের নলডাঙ্গায় সাবেক চেয়ারম্যান ও স্থানীয়ভাবে পরিচিত নেতা ডা. নাসির উদ্দীন তালুকদারের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার বাসুদেবপুরে ডা. নাসির উদ্দীন তালুকদার মহাবিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম বেলাল।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মরহুমের নাতি মো. শফিকুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, ডা. নাসির উদ্দীন তালুকদার নলডাঙ্গার মানুষের কাছে স্মরণীয় একজন ব্যক্তি ছিলেন। তিনি টানা ৩৬ বছর ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন কাজ করেছেন।
শফিকুল ইসলাম বুলবুল আরও বলেন, ডা. নাসির উদ্দীন তালুকদার নাটোর মুসলিম ইন্সটিটিউট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া নলডাঙ্গা রেলওয়ে স্টেশন ও বাসুদেবপুর শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গেও তাঁর অবদান রয়েছে। চেয়ারম্যান থাকাকালে তিনি ঘোড়ায় চড়ে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের খোঁজখবর নিতেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতেন।
অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন ও সামাজিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আলী, অধ্যাপক আনোয়ার হোসেন, নূরুল ইসলামসহ অন্যরা।
স্মরণসভায় মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ডা. নাসির উদ্দীন তালুকদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এই বাংলা/এমএস