রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

রাজাপুরে ১০ অসহায় রোগী পেলেন ৫ লাখ টাকার চিকিৎসা সহায়তা

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১০ জন অসহায় রোগীর মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা দেওয়া হয়।

রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে এসব চেক তুলে দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বাসার, রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামালসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ এবং উপজেলা জিয়ামঞ্চের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খোকনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয়ে সহায়তা দেওয়ার জন্য এ অর্থ প্রদান করা হয়েছে।

চিকিৎসা সহায়তা পেয়ে রোগী ও তাদের স্বজনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর