চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র্যালি, জলাশয়ে মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত পালনের অংশ হিসেবে সকালে উপজেলা পুকুর ও বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে মৎস্য খাতের উন্নয়ন ও চাষিদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. আজমীর শেখ, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. একরামুল হক, নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের সহকারী মো. রাশেদুল ইসলাম ও মো. শামিম হোসাইনসহ সংশ্লিষ্টরা।
‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার মৎস্যচাষিদের মাছ চাষে উৎসাহিত করতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
এই বাংলা/এমএস