কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ ও মারধরের অভিযোগের পর রোববার (১৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এ সিদ্ধান্ত নেয়।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. ফজলে রাব্বীকে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সংযুক্ত করার কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা।
অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পরিষদের ডাকবাংলোর আবাসিক কক্ষে কুড়িগ্রাম পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক রশিদ ও পরিচ্ছন্নতা শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী মো. আনারুল ইসলামকে গালিগালাজ ও মারধর করেন সিইও মো. ফজলে রাব্বী। ভুক্তভোগী দুই কর্মকর্তা-কর্মচারী এ অভিযোগ করেন।
ঘটনার প্রতিবাদে ওই দিন দুপুর থেকে কর্মবিরতিতে যান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। অভিযুক্ত কর্মকর্তাকে অপসারণ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এতে পৌরসভার স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়।
পরে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযুক্ত সিইওর বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই দিন স্থানীয় সরকার বিভাগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়।
জেলা প্রশাসনের ওই চিঠির পরিপ্রেক্ষিতে দুই দিনের মধ্যে মো. ফজলে রাব্বীকে প্রত্যাহারের আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ।
কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা বলেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আজ সিইও মো. ফজলে রাব্বীকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়েছে।
এই বাংলা/এমএস