জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ভোলায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, ভোলার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর এবং পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কায়সার। এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ভোলা জেলা শাখার সদস্য সচিব সাব্বির আলম চৌধুরী, সদর উপজেলা শাখার আহ্বায়ক মো. মাসুদুর রহমান, সদস্য সচিব ইমন হোসেন এবং ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ভোলা জেলার সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনসহ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মৎস্যচাষি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্যচাষ সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় মৎস্য সম্পদের সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি এবং এ খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
পরে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন ও মৎস্য খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।
আয়োজকরা জানান, মৎস্য খাতের সম্ভাবনাকে আরও কাজে লাগাতে মৎস্যজীবী, চাষি, ব্যবসায়ী, সরকারি দপ্তর ও স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। একই সঙ্গে দেশের মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এই বাংলা/এমএস