মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বিশেষ সম্মাননা ও পুরস্কার পেয়েছেন সাটুরিয়া থানার ওসি মো. মোশারফ হোসেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে ওসি মো. মোশারফ হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।
এ সময় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে সাটুরিয়া থানার এএসআই (নিঃ) মো. রুবেল আহম্মেদ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়ে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন। একই থানার ওসি ও এএসআইয়ের শ্রেষ্ঠত্ব অর্জনের ঘটনায় সাটুরিয়া থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সাটুরিয়া থানার সহকর্মীরা বলেন, ওসি মোশারফ হোসেনের এই অর্জন পুরো সাটুরিয়া থানা পুলিশের জন্য গর্বের। তাঁর সততা, নিষ্ঠা ও সাধারণ মানুষকে সেবা দেওয়ার মানসিকতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা এসেছে। এ অর্জন থানার অন্যান্য কর্মকর্তাদেরও আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।
পুরস্কার পাওয়ার পর ওসি মো. মোশারফ হোসেন বলেন, ‘যেকোনো স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দেয়। এই অর্জন সাটুরিয়া থানার প্রতিটি পুলিশ সদস্যের পরিশ্রমের ফল।’
তিনি সাটুরিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষকে দ্রুত আইনি সেবা দিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, একই থানার দুই কর্মকর্তার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন সাটুরিয়া থানার আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে।
এই বাংলা/এমএস