বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

IMO ও EGMO পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াড (EGMO)-এ পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী পদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম তৃণমূল ও স্কুল পর্যায়ে আরও বিস্তৃত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের জন্য তহবিল গঠন এবং ‘অ্যাক্টিভিটি-ওরিয়েন্টেড ম্যাথমেটিকস’ (Activity-Oriented Mathematics) চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জানান।

এ ছাড়া স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ের জন্য পৃথক পরীক্ষা চালুর প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা প্রদান করা হবে।

সাক্ষাতে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অর্জন, দেশে গণিতচর্চার প্রসার এবং স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর