সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

এক বছরের ব্যবধানে ঘুরে দাঁড়াল সাজিউড়া উচ্চ বিদ্যালয়, এসএসসিতে পাসের হার ৯৩.০২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এক বছরের ব্যবধানে অভাবনীয় পরিবর্তন এসেছে সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফলাফলে। গত বছরের হতাশাজনক ফলাফল কাটিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৯৩ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।

ফলাফল প্রকাশের পর বিদ্যালয় ক্যাম্পাসে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে ফিরে আসে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ফলাফল সন্তোষজনক না হওয়ায় শিক্ষার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে নিয়মিত অভিভাবক সমাবেশ, দুর্বল শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া এবং অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়। পাশাপাশি নিয়মিত পাঠদানের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, গত বছর এসএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাশিত না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। এরপর শিক্ষার মান উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এবার ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এই সাফল্যকে ধরে রেখে আগামী দিনে ফলাফল আরও উন্নত করার লক্ষ্য রয়েছে। ভবিষ্যতে শতভাগ শিক্ষার্থীকে উত্তীর্ণ করার লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকরা আরও আন্তরিকভাবে কাজ করবেন।

এদিকে সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের এ সাফল্যে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। তারা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা করেছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর