বরগুনার বেতাগী উপজেলার ৫ নম্বর বুড়ামজুদার ইউনিয়নের ভামনের করুনা গ্রামের কাঁচা সড়কগুলো বর্ষা মৌসুমে স্থানীয়দের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে কাদার সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন গ্রামের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভামনের করুনা গ্রামে প্রায় শতাধিক পরিবার বসবাস করে। গ্রামের বেশিরভাগ রাস্তাই এখনো কাঁচা। বর্ষা শুরু হলে এসব সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। কাদা ও জলাবদ্ধতার কারণে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়ে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিদিন কাদা-পানি পেরিয়ে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে। পাশাপাশি বয়স্ক মানুষ, শিশু ও অসুস্থ ব্যক্তিদের চলাচলেও চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাগুলো সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়ে আসছেন তারা। জনপ্রতিনিধি পরিবর্তন হলেও গ্রামের যোগাযোগ ব্যবস্থায় প্রত্যাশিত উন্নতি হয়নি।
তারা জানান, বর্ষাকালে জরুরি প্রয়োজনে কোনো যানবাহন গ্রামে প্রবেশ করানো কঠিন হয়ে পড়ে। ফলে অসুস্থ কাউকে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়া কিংবা প্রয়োজনীয় কাজে বাইরে যাতায়াতেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
স্থানীয়দের দাবি, ভামনের করুনা গ্রামের কাঁচা রাস্তাগুলো দ্রুত সংস্কারের পাশাপাশি স্থায়ীভাবে চলাচলের উপযোগী করে তোলা হোক। দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা তাদের।
এই বাংলা/এমএস