রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বিপিজেএফ-এর মানববন্ধন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

শহীদ সাংবাদিক সাগর-রুনি দম্পতি, আসাদুজ্জামান তুহিন, গোলাম রব্বানী নাদিম ও শেলু আকন্দসহ অতীতে নিহত ৪৩ জন সাংবাদিক হত্যার দ্রুত বিচার এবং সারাদেশে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতন, হামলা ও হয়রানির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।

বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ-এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন: নাসিমা আক্তার সোমা, সভাপতি, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস), এডভোকেট কাজী রেজাউল হোসেন, সভাপতি, বাংলাদেশ কংগ্রেস, এডভোকেট ইয়ারুল ইসলাম, মহাসচিব, বাংলাদেশ কংগ্রেস।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইউজের দপ্তর সম্পাদক আল-আমিন, সদস্য রাজু আহমেদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, দৈনিক নতুন কাগজের সম্পাদক জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী এবং বাংলাদেশ মেস সংঘের মহাসচিব মো. আয়াতুল্লাহ আকতার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়াও বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, এফ রহমান রুপক, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগরের প্রধান সমন্বয়ক হাফিজ উদ্দিন, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম বাবুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন, হামলা ও হত্যাকাণ্ডের বিচারে দীর্ঘসূত্রতা এবং বিচারহীনতার সংস্কৃতি গণমাধ্যমের স্বাধীনতা ও দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। একের পর এক আলোচিত হত্যাকাণ্ডের বিচার ঝুলে থাকায় অপরাধীরা নতুন করে অপরাধ করতে উৎসাহিত হচ্ছে।

সমাবেশ থেকে সরকারের প্রতি বেশ কিছু জরুরি দাবি উত্থাপন করা হয়:

  • দ্রুত বিচার নিশ্চিতকরণ: সাগর-রুনি, গোলাম রব্বানী নাদিম, আসাদুজ্জামান তুহিন, শেলু আকন্দসহ অতীতে নিহত ৪৩ জন সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

  • নিরাপদ কর্মপরিবেশ: সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাহীনতা দূর করে অবাধে দায়িত্ব পালনের সুযোগ তৈরি করতে হবে।

  • মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধ: সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।

  • মতপ্রকাশের স্বাধীনতা: গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে হবে।

কর্মসূচির শেষ পর্যায়ে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আয়োজকরা।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর