রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

নাগরপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সলিমাবাদ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তেবাড়িয়া বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়।

সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক শফিদুল ইসলাম মনি, সদস্য ফনির হোসেন ভূঁইয়া ও সুমন সিকদারসহ অন্যান্য নেতারা।

বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, হামলার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুপন খান, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাদল শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাত ১১টার দিকে সলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নাগরপুর থানায় হত্যা চেষ্টা মামলা হয়েছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর