সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈশ্বরদীর সকাল প্রি-ক্যাডেট স্কুলের ৩ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ঈশ্বরদী প্রতিনিধি :
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈশ্বরদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সকাল প্রি-ক্যাডেট স্কুলের তিন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—কায়েস মাহমুদ সকাল, রাইয়ান কবীর রূপ ও নাফিউল ইসলাম।
রোববার (১২ জুলাই) দুপুরে ঈশ্বরদীসহ সারা দেশে একযোগে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর আগেও সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকাল প্রি-ক্যাডেট স্কুলের একাধিক শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি অর্জন করেছিল। এছাড়া গত বছর ঈশ্বরদী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৪১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন পর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করা হয়েছে। এ বছর ১৫ থেকে ১৮ এপ্রিল চার দিনব্যাপী অনুষ্ঠিত পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ বৃত্তি নির্ধারণ করা হয়। সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে মোট ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে তিনজন বৃত্তি অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির দাবি, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য বৃত্তির হার সরকারি বিদ্যালয়ের সমান হলে তাদের আরও বেশি শিক্ষার্থী বৃত্তি পেত।
বিদ্যালয়ের অধ্যক্ষ মো. হেলালুর রহমান বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এটি ইতিবাচক দিক। তবে বৈষম্য না থাকলে আমাদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আরও বেশি হতো। শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে।”
বিদ্যালয়ের পরিচালক মহিদুল ইসলাম বলেন, “শিক্ষক-শিক্ষিকাদের নিষ্ঠা, দক্ষতা ও যত্নশীল পাঠদানের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করে বৃত্তি পরীক্ষা নেওয়ার দাবি জানাই।”
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।