চুরি হওয়া ইজিবাইকের বদলে নতুন গাড়ি পেলেন আরজু মিয়া
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বুধবার, ৮ জুলাই, ২০২৬
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
সংসারের একমাত্র আয়ের উৎস তিন চাকার ইজিবাইকটি চুরি হওয়ার পর চরম সংকটে পড়েছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের ষাটোর্ধ্ব আরজু মিয়া। অবশেষে নতুন একটি ইজিবাইক পেয়ে আবারও জীবিকা নির্বাহের সুযোগ ফিরে পেয়েছেন তিনি।
বুধবার (৮ জুলাই) ‘মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে আরজু মিয়ার হাতে নতুন ইজিবাইক তুলে দেওয়া হয়। পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ফিরে পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে সাটুরিয়া এলাকা থেকে আরজু মিয়ার ইজিবাইকটি চুরি হয়ে যায়। ঘটনার পর থানায় অভিযোগ করা হলেও পুলিশ সেটি উদ্ধার করতে পারেনি। পরে বিষয়টি মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার নজরে এলে তাঁর নির্দেশনায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে নতুন একটি ইজিবাইক প্রদান করা হয়।
ইজিবাইক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নতুন ইজিবাইক পেয়ে আবেগাপ্লুত আরজু মিয়া বলেন, “গাড়িটি চুরি হওয়ার পর পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটিয়েছি। আয়-রোজগারের কোনো পথ ছিল না। নতুন ইজিবাইক পেয়ে আবার কাজ শুরু করতে পারব। পরিবারের ভরণপোষণের ব্যবস্থা হলো।”
এই সহায়তার জন্য তিনি ও তাঁর পরিবারের সদস্যরা মন্ত্রী আফরোজা খানম রিতা এবং মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান, নির্বাহী সম্পাদক: নাসরিন আক্তার
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।