নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ থেকে ৪ জুলাই পর্যন্ত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক, প্রেম ও সাম্যচেতনার গান পরিবেশন করেন। পাশাপাশি কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে কবির সাহিত্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, জাতীয় কবির সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আবু তাহের, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here