নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে প্রায় এক মাস আগে হামলায় আহত হওয়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ সকালে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের রায়সিংহপুর বাজারে কালীগঞ্জ ব্রিজের পূর্ব পাশে একটি দোকানের সামনে আব্দুল হামিদুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে আসেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহত আব্দুল হামিদুর রহমান নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
পুলিশ জানায়, পূর্বের হামলার ঘটনায় স্থানীয় কয়েকজন বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখ করে অভিযোগ রয়েছে। তবে ওই হামলার সঙ্গে তার মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত এবং চিকিৎসা-সংক্রান্ত তথ্য পর্যালোচনার পর নিশ্চিত হওয়া যাবে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, ঘটনাটি তাদের জানা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

