নীলফামারীতে জমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও আসামি গ্রেপ্তারের দাবি

নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারী সদর উপজেলার চাপড়া সুকানপুকুর এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, হয়রানিমূলক মামলা ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে চাপড়া সুকানপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের সদস্য মুক্তা খাতুন। এ সময় নাসরিন বেগম, আবু তালেবসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

লিখিত বক্তব্যে মুক্তা খাতুন অভিযোগ করেন, তার শ্বশুর মজিদুল ইসলামের দ্বিতীয় স্ত্রী তহমিনা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সম্পত্তিগত বিরোধ চলমান রয়েছে। সম্প্রতি তালাকের পর তহমিনা বেগম তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি দাবি করেন, গত ১৭ জুন তহমিনা বেগম ও তার সহযোগীরা মজিদুল ইসলামের বাড়িতে প্রবেশ করে হামলা চালান। এতে মজিদুল ইসলাম ও তার ছেলে ওবায়দুল ইসলাম আহত হন। আহতদের নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর অবস্থার কারণে ওবায়দুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মুক্তা খাতুন আরও জানান, এ ঘটনায় তহমিনা বেগম ও রবিউল ইসলামসহ কয়েকজনকে আসামি করে নীলফামারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার না করায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মামলার প্রধান আসামি রবিউল ইসলাম সম্প্রতি একটি সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা ভিন্নভাবে উপস্থাপন এবং তাদের পরিবারের সামাজিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।

বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here