মনপুরায় জেলের জালে ‘রাজা ইলিশ’, বিক্রি হলো ৯ হাজার টাকায়

মনপুরা (ভোলা) প্রতিনিধি :

 

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় আকৃতির একটি ‘রাজা ইলিশ’। প্রায় ৩ কেজি ওজনের এই ইলিশটি স্থানীয় মৎস্যঘাটে নিলামে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে মাছটি বিক্রি করা হয়। মাছটির ওজন ছিল ২ কেজি ৮০০ গ্রাম।

মৎস্য আড়তের ম্যানেজার নাহিদ জানান, শনিবার সকালে কলাতলীচর আবাসন খালের কামাল মাঝিসহ কয়েকজন জেলে রামনেওয়াজ সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন।

এ সময় তাদের জালে বড় আকৃতির ইলিশটি ধরা পড়ে। উপকূলীয় অঞ্চলের জেলে ও মৎস্য ব্যবসায়ীরা এ ধরনের বড় আকারের ইলিশকে ‘রাজা ইলিশ’ নামে অভিহিত করেন।

স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী ৯ হাজার টাকায় এটি কিনে নেন।

ক্রেতা রাজিব চৌধুরী বলেন, “ঢাকার পাইকারি বাজারে বড় আকারের ইলিশের চাহিদা বেশি। আশা করছি, সেখানে আরও ভালো দামে মাছটি বিক্রি করতে পারব।”

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন, ইলিশের প্রজনন মৌসুম সফল হওয়ায় নদীতে বড় আকারের ইলিশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টিপাত বাড়লে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের মতে, বর্ষা মৌসুমে মেঘনা নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়ার ঘটনা জেলেদের জন্য আশাব্যঞ্জক এবং এটি উপকূলীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here