গলাচিপায় দুই দোকানে দুর্ধর্ষ চুরি, ক্ষয়ক্ষতি প্রায় ৭ লাখ টাকা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের সদর রোডে দুটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকদের দাবি, নগদ টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে চুরির বিষয়টি ধরা পড়ে।

জানা যায়, পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি সংলগ্ন জয় স্টোর অ্যান্ড বড়শি ঘর থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, তিন কার্টন বেনসন সিগারেট, তিন কার্টন লাকি সিগারেট, সাতটি বডি স্প্রে এবং আড়াই ভরি রুপার চেইন চুরি হয়েছে। দোকানটির মালিক জানান, নগদ অর্থসহ মোট প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকার মালামাল খোয়া গেছে।

অন্যদিকে সদর রোডের কাপুরিয়া পট্টিতে অবস্থিত প্রিয়াঙ্কা ক্লথ স্টোর থেকে নগদ ১৫ হাজার টাকা, শাড়ি, লুঙ্গি, কাতান শাড়ি, থ্রি-পিস এবং একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দোকানটির মালিকের দাবি, এ ঘটনায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের ভাষ্য, সারারাত বৃষ্টি এবং বিদ্যুৎ না থাকায় চোরচক্র নির্বিঘ্নে চুরির ঘটনা ঘটাতে সক্ষম হয়। সিসিটিভি ফুটেজে ছয়জন সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তারাই চুরির সঙ্গে জড়িত।

থানার নিকটবর্তী এলাকায় এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই দোকান মালিক গলাচিপা থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here