পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) এবং আর্কিটেকচার ড্রয়িং পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত এই পরীক্ষার মধ্য দিয়ে এবারের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সম্পন্ন হলো।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের মূল পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিতির হার ছিল ৭১ শতাংশ। এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত আর্কিটেকচার পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৪৬ শতাংশ। পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও পিরোজপুর সরকারি মহিলা কলেজ উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, “গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে দৃশ্যমান স্থানে আসন বিন্যাস ও ভবন নির্দেশক টাঙানোসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল।
এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম এবং ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মুহাঃ আমিনূর রহমান উপস্থিত ছিলেন।
পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা, অভিভাবকদের বিশ্রামাগার এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয়ের এসব উদ্যোগে আগতরা সন্তোষ প্রকাশ করেছেন।
ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা ও পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, আজ দেশের মোট ২১টি কেন্দ্রে একযোগে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সারাদেশের প্রায় দেড় লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে গত ২৭ মার্চ ‘সি’ ইউনিট এবং ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।
এই বাংলা/এমএস
টপিক

