ব্যক্তির আত্মশুদ্ধি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: ড. খালিদ হোসেন

বরিশাল ব্যুরো :

 

সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ব্যক্তি পর্যায়ে আত্মশুদ্ধি ও নৈতিকতার বিকাশ ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, আত্মশুদ্ধ মানুষ পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থেকে দুর্নীতি, অন্যায় ও বিশৃঙ্খলা কমাতে কার্যকর ভূমিকা রাখে।

বৃহস্পতিবার দুপুরে বরিশালে চরমোনাই মাহফিল-এর দ্বিতীয় অধিবেশনে প্রধান বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুস্থ ও স্থিতিশীল সমাজ গঠনের জন্য ব্যক্তিকে আগে নিজেকে পরিবর্তনের মানসিকতা গড়ে তুলতে হবে। ব্যক্তি পর্যায়ে নৈতিকতা ও চরিত্রের ঘাটতিই বর্তমান সমাজের নানা সংকটের অন্যতম প্রধান কারণ।

ড. খালিদ হোসেন বলেন, আত্মশুদ্ধি ও আত্মসমালোচনার চর্চা ছাড়া সমাজে শান্তি, শৃঙ্খলা ও সহনশীলতা প্রতিষ্ঠা করা কঠিন। মানুষ যদি নিজের ভুল নিজে উপলব্ধি করতে শেখে, তবে অন্যের সমালোচনার প্রবণতা কমে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, প্রযুক্তিগত অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নৈতিক অবক্ষয় বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ পরিস্থিতি মোকাবেলায় শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া এবং পারিবারিকভাবে মূল্যবোধ চর্চা বাড়ানো জরুরি।

তিনি বলেন, পরিবারই শিশুদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। ছোটবেলা থেকেই শিশুদের সততা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও ন্যায়পরায়ণতার শিক্ষা দিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নৈতিক শিক্ষা জোরদার করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সহজ হবে।

শেষে তিনি বলেন, আত্মশুদ্ধি শুধু ব্যক্তিগত অনুশীলন নয়, এটি সামাজিক দায়বদ্ধতার অংশ। ব্যক্তি পরিবর্তনের মাধ্যমেই সমাজ বদলায় এবং সমাজের পরিবর্তনেই রাষ্ট্রের উন্নয়ন নিশ্চিত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here