আজ শুরু হচ্ছে চরমোনাইর ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল

বরিশাল ব্যুরো :

 

দেশব্যাপী আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক চর্চার অন্যতম বৃহৎ আয়োজন চরমোনাই তরিকার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল আজ (১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে।

ঐতিহ্যবাহী এ মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও মুসল্লিদের আগমন শুরু হয়েছে।

আজ জোহরের নামাজের পর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

আয়োজক সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এই মাহফিলে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ও সমাপনী বয়ান পেশ করবেন পীর সাহেব চরমোনাই এবং মাঝের গুরুত্বপূর্ণ বয়ানগুলো উপস্থাপন করবেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এছাড়াও দেশের খ্যাতনামা উলামায়ে কেরাম বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

বাংলাদেশ মুজাহিদ কমিটি-এর ব্যবস্থাপনায় এবং চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

মাহফিলের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টা থেকে উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে দেশের শীর্ষ আলেম ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তৃতীয় দিন একই সময়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ছাত্র জমায়েত অনুষ্ঠিত হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঐতিহাসিক সূত্রে জানা যায়, ১৯২৪ সালে এ মাহফিলের সূচনা হয়। পরবর্তীতে এটি দেশের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশে পরিণত হয়।

এই ধারার পথিকৃৎ মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম ১৯৮৭ সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন, যা বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে পরিচিত।

মাহফিলকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগত মুসল্লিদের সেবা ও শৃঙ্খলা রক্ষায় সহস্রাধিক স্বেচ্ছাসেবক কাজ করবেন।

এছাড়া চিকিৎসা সেবার জন্য ১০০ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে, যেখানে সার্বক্ষণিক জরুরি চিকিৎসা প্রদান করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

আগামী ৪ এপ্রিল সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here