নিজস্ব প্রতিবেদক :
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে দেশের সকল স্থানেই হাসপাতাল ও ক্লিনিক তৈরি করা প্রয়োজন এবং এসব প্রতিষ্ঠানকে বাণিজ্যিক হিসেবে বিবেচনা না করে সেবাদান প্রতিষ্ঠান হিসেবেই গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
গতকাল রাজধানীর পুরান ঢাকার শহীদনগরে লালবাগ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জনগণ বিএনপিকে বিপুল ভোটে জয়ী করে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সুযোগ দিয়েছেন। এজন্য তিনি দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি দেশকে পুনর্গঠনের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের প্রতিটি অঞ্চলে সব ধরনের সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি কিংবা ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়া জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় এই লালবাগ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব হামিদুর রহমান। তিনি বলেন, সব ধরনের সেবা লালবাগের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাব। এছাড়াও সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীদের সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য তিনি উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করবেন।
তিনি এলাকার নেতাকর্মীদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে অংশ নিয়ে জনগণের সেবা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেশ পুনর্গঠনের কাজে মনোনিবেশ করা উচিত। দেশের এই ক্রান্তিলগ্নে জনমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এছাড়াও তাঁর সংসদীয় এলাকায় এই ধরনের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে লালবাগ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলায় প্রতিষ্ঠানের পরিচালক ও মালিকদের ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের অগ্রগতি ও উন্নয়নের ক্ষেত্রে তিনি সর্বদা প্রচেষ্টা করবেন বলেও জানান।
লালবাগ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ আল আমিন বলেন, আমরা দেশকে ভালোবাসি, তাই সুলভ মূল্যে স্বাস্থ্যসেবা স্থানীয়দের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা মাত্র। আপনাদের সহযোগিতা ও ভালোবাসার বদৌলতে আমাদের স্বাস্থ্যসেবাসমূহ ভবিষ্যতে আরও বৃদ্ধি করব।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ম্যানেজিং ডিরেক্টর সোহেল হোসেন প্রিন্স বলেন, পুরান ঢাকার লালবাগ এলাকা অধিক ঘনবসতিপূর্ণ হওয়ায় এবং গলি ও রাস্তা সরু থাকায় এখানকার স্থানীয় মানুষ জরুরি স্বাস্থ্যসেবা দ্রুত পায় না। এছাড়া অধিকাংশ গরিব ও শ্রমজীবী মানুষের বসবাস এই এলাকায়। তাই স্বল্পমূল্যে দ্রুত স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে লালবাগ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করেছি।
আমাদের এই উদ্যোগ তখনই সার্থক হবে যখন স্থানীয়দের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পারব। তাই আমাদের সব ধরনের সেবা জনগণের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করব।
পরিচালক আসাদুর রহমান বলেন, আমি এই এলাকায় মানুষ হয়েছি এবং দীর্ঘদিন যাবৎ এই এলাকার সাধারণ মানুষের সঙ্গে থেকেছি। স্বাস্থ্যসেবার চরম অবস্থা নিজের চোখে দেখেছি। তাই আমরা ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানটিকে জনগণের সেবা প্রদানের লক্ষ্যেই পরিচালনা করব, ইনশাল্লাহ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও বক্তব্য রাখেন। তারা বলেন, পুরান ঢাকার এই এলাকায় এই ধরনের স্বাস্থ্যসেবার দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, যা সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, এই লালবাগ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করায় উদ্যোক্তাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তারা স্বাস্থ্যসেবার মান উন্নত করা, স্বল্পমূল্যে রোগ নির্ণয় পরীক্ষার ব্যবস্থা করা, স্থানীয়দের জন্য মূল্যের ওপর ডিসকাউন্ট দেওয়ার পাশাপাশি টেস্টের মূল্য সাধ্যের মধ্যে রাখার অনুরোধ জানান বক্তারা।
এই বাংলা/এমএস
টপিক

