বকশীগঞ্জে ঈদ প্রস্তুতি: ভাড়া ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি

বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা / ছবি - এই বাংলা

বকশীগঞ্জ প্রতিনিধি :

মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও বাজারে অস্থিতিশীলতা এড়াতে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাইয়ের সভাপতিত্বে আয়োজিত সভায় জানানো হয়, অতিরিক্ত ভাড়া আদায় রোধে আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রশাসন নির্ধারিত ভাড়ার তালিকা কঠোরভাবে কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে কোনো পরিবহন মালিক বা চালক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্ধারিত ভাড়া তালিকা:

  • সিএনজি (জনপ্রতি): বকশীগঞ্জ–জামালপুর: ১৩০ টাকা, বকশীগঞ্জ–শেরপুর: ৯০ টাকা, বকশীগঞ্জ–রৌমারী: ২৫০ টাকা।

  • বাস ভাড়া: বকশীগঞ্জ–ঢাকা: ৬৯০ টাকা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় আরও জানানো হয়, ঈদকে ঘিরে পোশাক, জুতা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বাজার মনিটরিং জোরদার করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর কর্মকর্তাদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন ইউএনও।

ইউএনও আব্দুল হাই বলেন, “জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত কেউ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত ভাড়া আদায় বা কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর সুযোগ দেওয়া হবে না।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম এবং বকশীগঞ্জ থানা-র সেকেন্ড অফিসার রেজাউল ইসলাম। এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, জামায়াত নেতা রাসেল মাহমুদ, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, ভোক্তা অধিকার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে ঈদ পর্যন্ত নজরদারি অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here