
বিশেষ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যেকোনো নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলার অপচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
আজ সকালে রাজধানী ও আশপাশের এলাকায় বিজিবির একাধিক নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনকালে দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ নির্দেশ দেন।
বিজিবির মহাপরিচালক জানান, তিনি রাজধানীর মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাজী ক্যাম্প এবং গাজীপুরের টঙ্গীতে স্থাপিত নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি নির্বাচনে বিজিবির সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর অপারেশনাল সক্ষমতাও পর্যালোচনা করেন তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরিদর্শনকালে গৃহীত নিরাপত্তা পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মহাপরিচালক মেজর জেনারেল মো: আশারাফুজ্জামান সিদ্দিকী।
তিনি বলেন, সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়। ভোটাররা যাতে নির্বিঘ্ন ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য টহল জোরদার ও প্রয়োজনীয় স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি।
পাশাপাশি ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে ভদ্র, মানবিক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এই বাংলা/এমএস
টপিক
