নির্বাচনকালে মোবাইল ব্যাংকিং লেনদেন সীমিত করার সিদ্ধান্ত

মোবাইল ব্যাংকিং লেনদেন সীমিত করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি রিচার্জ ব্যবসায়ীদের

0
52
মোবাইল ব্যাংকিং / প্রতিকি ছবি

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিং লেনদেন এক হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।

সোমবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ও এফবিসিসিআইয়ের জেনারেল বডি সদস্য আমিনুল ইসলাম বুলু এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে মোবাইল ব্যাংকিং দেশের আর্থিক লেনদেন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, ভাসমান শ্রমজীবী এবং গ্রামাঞ্চলের জনগোষ্ঠী দৈনন্দিন আর্থিক লেনদেনে ব্যাপকভাবে এই সেবার ওপর নির্ভরশীল। হঠাৎ করে লেনদেনের ওপর এ ধরনের সীমা আরোপ করা হলে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির মুখে পড়তে হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আমিনুল ইসলাম বুলু আরও বলেন, বেতন পরিশোধ, প্রবাসী আয় গ্রহণ, ক্ষুদ্র ব্যবসার লেনদেন, চিকিৎসা ও শিক্ষা ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় নানা আর্থিক কার্যক্রমে মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন করে লেনদেন সীমিত হলে এসব কার্যক্রম ব্যাহত হবে এবং আর্থিক অন্তর্ভুক্তির অগ্রযাত্রাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি উল্লেখ করেন, মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় যদি কোনো ধরনের অনিয়ম বা নিরাপত্তাজনিত উদ্বেগ থাকে, তবে তা প্রযুক্তিগত উন্নয়ন, কার্যকর নজরদারি এবং সেবার মান বৃদ্ধির মাধ্যমে সমাধান করা সম্ভব। সরাসরি সেবার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করলে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে।

বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গ্রাহকস্বার্থ রক্ষায় সব অংশীজনের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত ও টেকসই সিদ্ধান্ত গ্রহণের দাবি জানায় সংগঠনটি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here