নকলায় ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ফারুকের শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগদান

0
172
নকলায় ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ফারুকের শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগদান / ছবি - এই বাংলা

নকলা (শেরপুর) প্রতিনিধি :

 

শেরপুরের নকলায় ২ নম্বর নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক ফারুক শতাধিক অনুসারী নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর নকলা উপজেলা সদরের বাসভবনে উপস্থিত হয়ে তিনি এ যোগদান সম্পন্ন করেন। এ সময় চেয়ারম্যান ফারুক ও তাঁর সঙ্গে আসা নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়ে ফাহিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।

যোগদান অনুষ্ঠানে আবু বকর সিদ্দিক ফারুক বলেন, বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি জানান, তাঁর বাবা মরহুম মোফাজ্জাল হোসেন সরকার বিএনপির প্রতিষ্ঠাকালীন একজন সদস্য ছিলেন। তবে তিনি নিজে এতদিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও জানান, সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান সোজাকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপির নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়েই এবার আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, নকলার মানুষ পরিবর্তন প্রত্যাশা করে। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবু বকর সিদ্দিক ফারুক আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঢাকার ধানমন্ডিতে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন। তবে দলীয় মনোনয়ন না পেলেও তিনি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি শেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মতিয়া চৌধুরীর ঢাকাস্থ বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে, চেয়ারম্যান ফারুকের বিএনপিতে যোগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here