র‌্যাবের অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি বাবু গ্রেপ্তার

0
143
নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি বাবু গ্রেপ্তার / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

 

অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি বাবু (৪০)–কে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ নভেম্বর সন্ধ্যায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানার একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনের সময় একটি সন্দেহভাজন অটোরিকশাকে থামানোর সংকেত দেয়। এ সময় অটোরিকশায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে একটি দেশীয় লোহার তৈরি রিভলবারসহ রাব্বী সরদার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী সরদার জানায়, সে রিভলবারটি বাবু নামের এক ব্যক্তির কাছ থেকে ভাড়ায় নিয়ে ফেরত দেওয়ার উদ্দেশ্যে তার কাছে যাচ্ছিল। এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-১৫, তারিখ ৭ নভেম্বর ২০২৫)। মামলার তদন্তে পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১০–এর সহায়তা চাওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১১–এর সহযোগিতায় শনিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নুরবাগ এলাকা থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুর বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কাজলপুর গ্রামে। তার পিতা মৃত খালেক।

র‌্যাব জানায়, বাবুর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here