ঘুষের টাকায় দরকষাকষি, কম পড়ায় ছুড়ে মারলেন বান্ডিল

নেত্রকোনায় এলজিইডি উপসহকারী প্রকৌশলীর প্রকাশ্য ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

0
161
নেত্রকোনায় এলজিইডি উপসহকারী প্রকৌশলীর প্রকাশ্য ঘুষ লেনদেন / ছবি - ফেসবুক ভিডিও

নেত্রকোনা প্রতিনিধি :


নেত্রকোনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপসহকারী প্রকৌশলীর প্রকাশ্য ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুই মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দাপ্তরিক টেবিলে বসেই এক ঠিকাদারের সঙ্গে টাকার অঙ্ক নিয়ে দরকষাকষিতে লিপ্ত রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, রোববার (২৫ জানুয়ারি) রাতে এক ঠিকাদার এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনের হাতে ৫০০ টাকার নোটের একটি বান্ডিল—মোট ৫০ হাজার টাকা তুলে দেন। তবে দাবি করা টাকার পরিমাণ কম হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ওই বান্ডিলটি বারবার ঠিকাদারের দিকে ছুড়ে মারেন। পরে টাকার অঙ্ক বাড়ানো হলে তিনি তা গ্রহণ করে নিজের প্যান্টের বাম পকেটে রাখেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মো. ইমরান হোসেন ভিডিওটির সত্যতা স্বীকার করে বলেন,
“উত্তর বিশিউড়া এলাকার একটি রাস্তার কাজের বিল সংক্রান্ত বিষয়ে ওই ঠিকাদার টাকা দিচ্ছিলেন। কেউ ভিডিও করছে বুঝতে পারিনি। অফিসে বসে এভাবে টাকা নেওয়া আমার ভুল হয়েছে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুসন্ধানে জানা গেছে, সরকারি নীতিমালা অনুযায়ী একই কর্মস্থলে তিন বছরের বেশি থাকার বিধান না থাকলেও মো. ইমরান হোসেন দীর্ঘদিন ধরে নেত্রকোনা সদর উপজেলাতেই কর্মরত রয়েছেন। গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে স্থানীয় সরকার বিভাগের এক আদেশে তাঁকে নেত্রকোনা জেলা পরিষদে বদলির নির্দেশ দেওয়া হলেও রহস্যজনকভাবে তিনি এখনও সদর উপজেলা কার্যালয়েই বহাল রয়েছেন।

এ বিষয়ে সদর উপজেলা প্রকৌশলী মো. সোয়াইব ইমরান জানান, ভিডিওটির বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, “সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সরকারি দপ্তরে প্রকাশ্যে ঘুষ লেনদেনের এমন ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁরা দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here