ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট (১২ ফেব্রুয়ারি ২০২৬) উপলক্ষে ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিমলা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় রোববার (২৫ জানুয়ারি) ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলার পুলিশ সুপার (পিপিএম) মো. শেখ জাহিদুল ইসলাম এবং জেলা নির্বাচন অফিসার মো. লুৎফর কবীর সরকার।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন) মো. নাইম হাসান খান, সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) মো. নিয়াজ মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে আইন অনুযায়ী দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবেলার নির্দেশনা দেন।
সভায় জানানো হয়, এবারের নির্বাচন কারোকে জিতিয়ে দেওয়ার নয়, বরং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই মূল লক্ষ্য। ডিমলা উপজেলায় মোট ৮৪টি ভোটকেন্দ্রে ৮৪ জন প্রিজাইডিং কর্মকর্তা এবং ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তারা কেন্দ্রগুলোর রাত্রীকালীন অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত সুবিধা, বিদ্যুৎ ও সিসি ক্যামেরা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

