সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৫

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬

সিলেট প্রতিনিধি :

সিলেট বিভাগে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগ জানায়, সর্বশেষ মারা যাওয়া শিশুটি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পাঁচ বছর বয়সী আবু হুরাইরা। সে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হামে ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৮৭ জনে দাঁড়িয়েছে।

মৃতদের মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকি ৮৬ জন শিশু। এর মধ্যে চারজনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হলেও অন্যরা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

জেলাভিত্তিক হিসাবে সর্বোচ্চ ৩৭ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। এছাড়া সিলেট জেলায় ৩১ জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে ৮ জন মারা গেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১৮ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ২৩৪ জন, সিলেটে ১৩১ জন, হবিগঞ্জে ৩৭ জন এবং মৌলভীবাজারে ১৬ জন রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা ২৭৫ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৪ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১ জন, সিলেট লায়ন্স হাসপাতালে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সিলেটবাসীকে শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করা, জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

এই বাংলা/এমএস
টপিক
এই সম্পর্কিত আরো খবর