ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন আফিয়া আফরিন। তিনি ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৭১ নম্বর পেয়ে উপজেলায় সর্বোচ্চ স্থান অর্জন করেছেন।
চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া আফিয়া আফরিন জিপিএ-৫ (গোল্ডেন এ+) পেয়েছেন।
আফিয়া আফরিনের পরিবার একটি শিক্ষানুরাগী পরিবার হিসেবে পরিচিত। তাঁর বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন চর অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মা আকলিমা আক্তার চর অযোধ্যা হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর চাচা মো. আ. বারেক বিশ্বাস জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব।
পরিবারের শিক্ষাবান্ধব পরিবেশ, মা-বাবার দিকনির্দেশনা এবং আফিয়ার কঠোর অধ্যবসায় তাঁর এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
আফিয়ার অসাধারণ ফলাফলের খবর ছড়িয়ে পড়লে তাঁর বিদ্যালয়সহ পুরো চরভদ্রাসন এলাকায় আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাঁর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।
চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদ ও এলাকাবাসী আফিয়া আফরিনের এ কৃতিত্বে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল জীবন কামনা করেছেন।
এই বাংলা/এমএস