ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। তবে বাসে থাকা অন্যান্য যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি সদর উপজেলার রায়াপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার বাসিন্দা। তিনি ‘নাহিদ সুপার পরিবহন’-এর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক শ্রীবাস বাড়ৈ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা নাহিদ সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস রায়াপুর বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার সময় বাসের সুপারভাইজার মনির হোসেন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তবে বাসে থাকা যাত্রীরা দ্রুত জানালার কাচ ভেঙে বের হয়ে আসায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে তুলে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।