শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে খেলাফত মজলিসের প্রার্থী নূরুল্লাহ আশরাফীর মতবিনিময় ‎

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরাফী / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি নূরুল্লাহ আশরাফী (পীর সাহেব তালগাছিয়া) আগামী জাতীয় নির্বাচনে আস্থা ও সমর্থন চেয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মতবিনিময় সভায় মুফতি নূরুল্লাহ আশরাফী বলেন, “রাজাপুর–কাঠালিয়ার মাটি ও মানুষ আমার আপন। শান্তি, ন্যায় ও নৈতিকতার সমাজ প্রতিষ্ঠাই আমার লক্ষ্য। আলেম-উলামা, তরুণ ও সাধারণ মানুষের সহযোগিতায় একটি সুশাসিত সমাজ গড়তে চাই।”

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের উন্নয়ন স্থবির হয়ে আছে। “রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। আমাকে বিজয়ী করলে জনগণের পাশে থেকে বাস্তব উন্নয়ন নিশ্চিত করব,”—বলেন তিনি।

তিনি আরও বলেন, “আমি কারও বিরুদ্ধে রাজনীতি করি না, মানুষের কল্যাণে রাজনীতি করি। রিকশা মার্কায় ভোট দিয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানাই।”

মুফতি নূরুল্লাহ আশরাফী ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন এবং যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে মুফতি ডিগ্রি অর্জন করেন। তিনি তালগাছিয়া মাদরাসা ও খানকাহর পরিচালক, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝালকাঠি জেলা সভাপতি। পাশাপাশি তিনি হেফাজতে ইসলাম ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোস্তাফিজুর রহমান, খেলাফত মজলিস ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হানযালা নোমানী, সহ-সভাপতি মুফতি জাকারিয়া আদনান, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আলাউদ্দিন, মাওলানা মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে প্রার্থী নূরুল্লাহ আশরাফী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনকে সামনে রেখে তাঁর পরিকল্পনা তুলে ধরেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর