ঝালকাঠির কাঠালিয়ায় নিজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কাঠালিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে মো. শহীদুল ইসলাম অভিযোগ করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল রহমান আকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তাকে বিএনপির কেউ নন বলে দাবি করা হয়েছে, যা তিনি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।
তিনি বলেন, বিষয়টি সম্পর্কে উপজেলা বিএনপির অন্যান্য নেতাদের সঙ্গে কথা বললে তারা এটিকে জালাল রহমান আকনের ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন এবং এর সঙ্গে উপজেলা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করেছেন।
শহীদুল ইসলাম দাবি করেন, তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার প্রয়াত বাবা আদম আলী হাওলাদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে গ্রাম সরকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সে সময় জিয়াউর রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। তিনি নিজেও দীর্ঘদিন জেলা বিএনপির সদস্য হিসেবে কাজ করেছেন বলে জানান।
এছাড়া তার শ্বশুর প্রয়াত রফিকুল ইসলাম মিরন সিকদার প্রায় তিন দশক উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম আরও বলেন, উপজেলা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তিনি ও তার সমর্থকরা সক্রিয়ভাবে অংশ নেন এবং দলীয় কর্মকাণ্ডে নিয়মিত আর্থিক সহযোগিতা করে থাকেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল রহমান আকনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।