গাজীপুর প্রতিনিধি :
রাজধানীর গুলশান এলাকায় বসবাসকারী এক নারীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, প্রতারণা এবং একাধিক ব্যক্তিকে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাজীপুরের কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো. রবিউল ইসলাম দাবি করেন, ২০২৫ সালের ১ জানুয়ারি তিনি ইসলামী শরিয়াহ অনুযায়ী অভিযুক্ত রাজিয়াকে বিয়ে করেন। বিয়ের পর তিনি জানতে পারেন, অভিযুক্ত নারী বিভিন্ন সময়ে ‘সোনিয়া’, ‘সাথী’ ও ‘সোনালি’সহ বিভিন্ন নামে পরিচয় ব্যবহার করে একাধিক ব্যক্তির সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে আলোচিত।
তার অভিযোগ, বিয়ের পর বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকার বেশি নেওয়া হয়। এছাড়া তাকে মারধর, জিম্মি করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেন তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত নারীর দুই ভাই ও মা এসব ঘটনায় সহযোগিতা করেছেন। অভিযোগকারী দাবি করেন, গত ৩১ মার্চ ২০২৬ তাকে কোনাবাড়ী কাঁচাবাজার এলাকা থেকে জোরপূর্বক গুলশানের একটি বাসায় নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয় এবং জোর করে তালাক দিতে চাপ দেওয়া হয়।
অভিযোগকারী পক্ষের ভাষ্য, একই ধরনের কৌশলে আরও কয়েকজন ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দাবি, অভিযুক্ত নারী একাধিক বিয়ে করে পরে মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে বা বিভিন্ন উপায়ে অর্থ আদায় করতেন।
তারা আরও জানান, এ সংক্রান্ত আদালতের নথিসহ বিভিন্ন তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর আইনি নিষ্পত্তি হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত রাজিয়া সোনিয়া বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
এই বাংলা/এমএস
টপিক

