ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ফাঁসিতে ঝুলে এক নববধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ফারজানা (২০) উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুস্তা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) রাতে ফারজানা তার বাবার বাড়ির পূর্ব দোয়ারী উত্তর ভিটির ডোয়া পাকা টিনের ঘরের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে তার মা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহত ফারজানা ফারুক খানের মেয়ে। দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। গত বছরের ২৬ জানুয়ারি ঘিওর উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া এলাকার ফাইজুদ্দিন ফাজুর ছেলে জনিবুল হাসান জনির সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনার অভাব দেখা দেয়। পারিবারিক কলহের কারণে ফারজানা বেশিরভাগ সময় বাবার বাড়িতেই অবস্থান করতেন।
পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন ধরে ফারজানার স্বামী কক্সবাজারে ভ্রমণে ছিলেন। রোববার রাতে স্বামীর ভ্রমণসংক্রান্ত বিষয় নিয়ে মোবাইল ফোনে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। রাতের দিকে পরিবারের সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন।
খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারজানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

