ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এসে খালে লাফ দিয়ে সানি হাওলাদার (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের বাসিন্দা এবং মো. সোহেল হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজাপুর উপজেলা থেকে ট্রলারযোগে প্রায় ১৫ জনের একটি দল ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে বেড়াতে আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খাওয়ার পর সবাই খালে গোসল করতে নামে। এ সময় সানি খালের তীরের একটি আমগাছ থেকে পানিতে লাফ দেয়। এরপর তাকে আর দেখা যায়নি।
ঘটনার খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ঝালকাঠি ফায়ার স্টেশনের কর্মকর্তা মাহবুব আলম বলেন,”খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ডুবুরিদের সহায়তায় নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান শুরু করেছে। খালের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় নিখোঁজ কিশোরের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রাও উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।