রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি শাহনাজ হীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য ‘তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন–২০২৬’-এ বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন মুন্সিগঞ্জের প্রাচীন নাট্য সংগঠন ‘অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী’র সদস্য ও সাংবাদিক শাহনাজ হীরা।

শনিবার (৮ আগস্ট) আট সদস্যের বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে নেপালের উদ্দেশে রওনা হন তিনি। আগামী ৯ থেকে ১২ আগস্ট কাঠমান্ডুতে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার পাশাপাশি শাহনাজ হীরা গবেষণাপত্র উপস্থাপনকারী (পেপার প্রেজেন্টার) এবং বিভিন্ন অঙ্গসংগঠনের অভিজ্ঞতা বিনিময়কারী হিসেবেও দায়িত্ব পালন করবেন।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য—‘সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা’। প্রতিপাদ্যকে সামনে রেখে আদিবাসী ভাষার সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং গণমাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হবে।

আয়োজক ফেডারেশন অব নেপালিজ ইন্ডিজেনাস ন্যাশনালিটিজ জার্নালিস্টস (ফোনিজ) জানিয়েছে, সম্মেলনে নেপালসহ বিশ্বের ২৭টি দেশের চার শতাধিক আদিবাসী ভাষার সাংবাদিক অংশ নেওয়ার প্রত্যাশা রয়েছে।

চার দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পাশাপাশি গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং বিভিন্ন দেশের আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেবেন।

আয়োজকদের মতে, বিভিন্ন দেশের আদিবাসী ভাষার সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং আদিবাসী ভাষা ও সংস্কৃতির সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করাই এ সম্মেলনের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ থেকে শাহনাজ হীরার অংশগ্রহণ দেশের গণমাধ্যমকর্মীদের আন্তর্জাতিক পরিসরে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আদিবাসী ভাষা, সংস্কৃতি ও বৈচিত্র্য নিয়ে সাংবাদিকতার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর