রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

নাগরপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি লাভলু, চলছে জিও ব্যাগ ফেলার কাজ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ও দপ্তিয়র ইউনিয়নের কালীগঙ্গা ও যমুনা নদীর ভাঙনপ্রবণ এলাকায় জিও ব্যাগ ফেলে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে। চলমান কাজের অগ্রগতি এবং নদীভাঙনের পরিস্থিতি পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

শনিবার (৪ জুলাই) বিকেলে তিনি উপজেলার দপ্তিয়র ইউনিয়নের দপ্তিয়র পশ্চিম খণ্ড, বাক কাটারী, ছিটকিবাড়ী দক্ষিণ খণ্ড, ছিটকিবাড়ী খেয়াঘাটসহ সলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও দাবিদাওয়া শোনেন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ ফেলার দাবি জানান। জবাবে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, বর্তমানে চারটি পয়েন্টে মোট ৮৬০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। তিনি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আরও কয়েকটি স্থানে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করার আশ্বাস দেন।

এ সময় তার আশ্বাসে নদীপাড়ের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় বাসিন্দা মাইন উদ্দিন (৬০) বলেন, “গত ১৬-১৭ বছর ধরে প্রতি বছরই নদীভাঙনের কারণে আমাদের বাড়িঘর সরাতে হয়েছে। এতদিন কোনো কার্যকর ব্যবস্থা পাইনি। এবার শুরুতেই জিও ব্যাগ ফেলার কাজ হওয়ায় আশা করছি কিছুটা হলেও ভাঙন রোধ হবে। তবে স্থায়ী বাঁধ নির্মাণই আমাদের দীর্ঘমেয়াদি সমাধান।”

সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, সীমান্তবর্তী ভাঙনপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করছে সরকার। তিনি দাবি করেন, বর্তমান সরকার নদীভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেবে।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সিনিয়র সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান রানা, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সহ-সভাপতি জিল্লুর রহিমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস
টপিক
এই সম্পর্কিত আরো খবর