জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দৌলতপুরে জামায়াতের বিক্ষোভ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
রবিবার, ২ আগস্ট, ২০২৬
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের দ্রুত বিচার, জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জের দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় দৌলতপুর উপজেলা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা জামায়াতের প্রচার ও কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মো. তছলিম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ নজরুল ইসলাম, সেক্রেটারি আব্দুল করিম গাজীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতা ও সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতিফলন হিসেবে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা জরুরি। তারা সরকারের প্রতি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের হত্যার দ্রুত বিচার দাবি করে বলেন, দাবি বাস্তবায়িত না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করা হবে বলেও তারা মন্তব্য করেন।
পরে দৌলতপুর উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা বাজার মসজিদের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।