কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশের অভিযানে একটি বিলুপ্তপ্রায় পরিযায়ী হাঁস উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) গভীর রাতে চোরা শিকারিদের কবল থেকে হাঁসটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হাঁসটি ইউরোপীয়ান রেড শেলডাক (European Red Shelduck) প্রজাতির, যা বাংলাদেশে রাজেশ্বরী, চখাচখি বা মানিকজোড় নামে পরিচিত।
হাঁসটি উদ্ধার করেন ভূরুঙ্গামারী–নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মুনতাসির মামুন মুন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের কচাকাটা–নাগেশ্বরী এলাকার সংকোষ–গংগাধার নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ফাঁদ পেতে পরিযায়ী পাখি শিকার করে আসছিল। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গভীর রাতে পরিচালিত অভিযানে হাঁসটি উদ্ধার করা হয়। পরে নিরাপদ ও উপযোগী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
এএসপি মো. মুনতাসির মামুন মুন বলেন, শীত মৌসুমে ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে পরিযায়ী পাখিরা বাংলাদেশের জলাশয় ও চরাঞ্চলে আশ্রয় নেয়। কিন্তু দুঃখজনকভাবে এসব পাখি দেশে এসে চোরা শিকারিদের নির্মম শিকারের শিকার হচ্ছে, যা প্রকৃতি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
তিনি আরও বলেন, পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে তার সার্কেল এলাকায় পাখি শিকারি ও চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

