কুড়িগ্রাম প্রতিনিধি :
শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
চাকরি মেলায় বিভিন্ন শিল্প ও সেবা খাতের মোট ৩০টি প্রতিষ্ঠান স্টল নিয়ে অংশগ্রহণ করে। মেলা শেষে প্রাথমিকভাবে ১০০ জন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীকে নিয়োগপত্র প্রদান করা হয়।
একই দিনে আয়োজিত সেমিনারে কারিগরি শিক্ষার্থীদের জন্য বর্তমান চাকরির বাজার, দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রের চাহিদা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের নিয়ে একটি প্যানেল গঠন করা হয়, যাদের পরবর্তী সময়ে ধাপে ধাপে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক (উপসচিব) খন্দকার মো. নাহিদ হাসান। সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন। এছাড়া বক্তব্য দেন স্টেডফাস্ট কুরিয়ারের সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) আহসান হাবিব আহসান, পপার প্লাস কেব্লস লিমিটেডের টিভিইটি কনসালটেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুজ্জামান এবং কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক পরিতোষ কুমার মণ্ডলসহ অন্যান্যরা।
উল্লেখ্য, এ অনুষ্ঠানটি অ্যাসেট প্রকল্পের অর্থায়নে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজন করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

