যশোর প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের যশোর সমাবেশকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশস্থলে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পাঁচ শতাধিক পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে একশ পুলিশ সদস্যের শরীরে বডি ক্যামেরা স্থাপন করা থাকবে।
রোববার বিকেলে যশোর উপশহর কলেজমাঠে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, হেলিকপ্টার অবতরণের স্থান থেকে শুরু করে সমাবেশস্থল পর্যন্ত দুই স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঞ্চের চারপাশেও নিরাপত্তা বলয় থাকবে। পোশাকধারী পুলিশ ছাড়াও ডিবি ও ডিএসবি সদস্যরা নজরদারিতে থাকবেন। সমাবেশস্থলের আশপাশের গাছে কেউ অবস্থান নিতে পারবে না, এ বিষয়েও সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শহরের পাঁচটি স্থানে যানবাহন রাখার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে এবং ভিআইপি গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন সমাবেশস্থলে প্রবেশ করতে পারবে না।
পুলিশ সুপার আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের শরীরে এই প্রথমবার বডি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। যাতে কোনো অপরাধ ঘটলেও তা ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়। সমাবেশে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা এই ক্যামেরা ব্যবহার করবেন।
প্রেসব্রিফিং শেষে পুলিশ সুপার সমাবেশস্থল পরিদর্শন করেন এবং দায়িত্বে থাকা পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব, কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ, ডিবি পুলিশের কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীসহ অন্যান্য কর্মকর্তারা।
এই বাংলা/এমএস
টপিক

