
নাটোর প্রতিনিধি :
নাটোরে বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের ধানের শীষ প্রার্থী সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেগম খালেদা জিয়া তার কর্মের মাধ্যমে বাঙালি জাতির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি বলেন, “খালেদা জিয়ার মৃত্যু নেই, ধানের শীষের মাধ্যমে তিনি বাঙালীর অন্তরে অনন্তকাল বেঁচে থাকবেন।”
দুলু আরও বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা সৃষ্টি হয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ভোটাধিকার রক্ষায় তার আপসহীন ও সাহসী ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের সাধারণ মানুষের কাছে অভিভাবকের প্রতিচ্ছবি ছিলেন। দেশের ও জাতির কাছে তার অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।”
শোকসভা আজ বিকেলে নাটোর সদর উপজেলার দরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি কবির হোসেন কাঙ্গাল। বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল আহম্মেদ রনি প্রমুখ।
অনুষ্ঠানে সকলের অংশগ্রহণে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক
