পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবার সঞ্চালনায় সভার শুরুতে বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ অফিসার ও ফোর্সরা তাদের সামগ্রিক সমস্যার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।
পুলিশ সুপার ধৈর্যসহকারে সবার বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত ছুটি, মানসম্মত আবাসন, চিকিৎসাসেবা ও উন্নত খাবার ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি বলেন, দেশপ্রেম, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে পুলিশিং সেবাকে আরও জনবান্ধব করতে প্রতিটি সদস্যকে নৈতিকতা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে কর্মক্ষেত্রে দক্ষতা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
এছাড়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা সভায় অংশগ্রহণ করেন।
এই বাংলা/এমএস
টপিক

