
ঈশ্বরদী প্রতিনিধি :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের এক নম্বর গেটে গিয়ে পথসভায় মিলিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন মালিথা, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌরসভার সাবেক কমিশনার ও প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনিসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, “আরাফাত রহমান কোকো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত মানুষকে নিয়ে এ ধরনের বিকৃত ও কুরুচিপূর্ণ মন্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। এটি শুধু রাজনৈতিক শিষ্টাচার নয়, মানবিক মূল্যবোধেরও চরম লঙ্ঘন।”
বক্তারা আরও বলেন, “মুফতি আমির হামজাকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। তা না করলে তাকে রাজনৈতিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”
পথসভা শেষে মুফতি আমির হামজার কুশপুত্তলিকা দাহ করা হয় এবং তার বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়।
এই বাংলা/এমএস
টপিক
