মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ, অবরুদ্ধ ৭ পরিবার

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়ায় প্রায় ২০ বছর ধরে সাতটি পরিবারের চলাচলের জন্য ব্যবহৃত রাস্তা বন্ধ করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আয়াত আলী ও তাঁর ছেলেদের বিরুদ্ধে। এতে সাতটি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিকল্প একটি পথ ব্যবহার করলেও রাত ৮টার পর সেটি বন্ধ হয়ে যাওয়ায় কার্যত অবরুদ্ধ অবস্থায় থাকতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

ঘটনাটি উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায়।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা যে পথ দিয়ে চলাচল করে আসছিলেন, সম্প্রতি সেই পথের ওপর ইটের প্রাচীর নির্মাণ করে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান, কালীগঞ্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনসহ সাতটি পরিবারের সদস্যরা সমস্যায় পড়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ভুক্তভোগীরা প্রতিবেশী জিহাদ আলী শেখের সহায়তায় একটি বিকল্প পথ ব্যবহার করছেন। তবে জিহাদ আলী মালামালের ব্যবসা করায় প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে রাত ৮টার দিকে দরজা বন্ধ করে দেন। ফলে এরপর ওই পরিবারগুলোর বাইরে যাওয়ার আর কোনো পথ থাকে না বলে জানান তারা।

ভুক্তভোগীদের দাবি, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। আয়াত আলী ও তাঁর সন্তানদের বিরুদ্ধে চলাচলের পথ বন্ধ করা, প্রতিবেশীদের হুমকি দেওয়া এবং বসতভিটা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগও করেন তারা। আয়াত আলীর সন্তানদের কেউ কেউ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা নিশ্চিত করা যায়নি।

সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান বলেন, ২০১৮ সালে তিনি স্থায়ীভাবে মার্কেট নির্মাণ করেন। ২০১৯ সালে জমি মাপার পর রাস্তা বাদ দিয়ে পাঁচ ফুট জায়গা আয়াত আলীর সীমানায় পড়ে। পরে মানবিক কারণে তিনি আয়াত আলীকে শূন্য দশমিক ৫৫ শতক জায়গা বিক্রি করেন। তাঁর অভিযোগ, পরবর্তী সময়ে আয়াত আলী তাঁর জায়গাসহ রাস্তা দখল করে বসতভিটা নির্মাণ করেন। নিষেধ করা সত্ত্বেও কাজ বন্ধ হয়নি। সম্প্রতি চলাচলের পথ পুরোপুরি বন্ধ করতে প্রাচীর ও ইটের গাঁথুনি দিয়ে দরজা নির্মাণ করা হয়েছে।

মাহবুবুর রহমান আরও বলেন, “গত এক বছর ধরে আমি দোতলার কাজ করতে পারছি না। শ্রমিকদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ভয়ে কেউ কাজ করতে আগ্রহী নয়। আমি সরকারের কাছে ন্যায়বিচার চাই।”

কালীগঞ্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, “আমার সন্তান নেই। কোনো গণ্ডগোল ভালো লাগে না। হজ করে এসেছি, নিরিবিলি থাকতে চাই। কিন্তু প্রতিবেশী আয়াত আলী আমাদের ওপর জুলুম করছেন। আমরা সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগের বিষয়ে আয়াত আলী বলেন, তাঁর বাড়ির সীমানায় তিন ফুট জায়গা রয়েছে। তবে সাত পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণের অভিযোগের বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।

ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির নেতা আ. মমিন সরকার ও আ. জলিল বলেন, বিষয়টি নিয়ে দ্রুত উভয় পক্ষকে বসিয়ে সমাধান করা প্রয়োজন। দীর্ঘদিনের চলাচলের পথ নিয়ে বিরোধ সৃষ্টি হলে তা আরও বড় সমস্যার কারণ হতে পারে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, “বিষয়টি সরেজমিন পরিদর্শন করে উভয় পক্ষকে আইনের নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।”

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর