রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে আয়োজিত দুই সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। পাহাড়ি ও বাঙালি যুবকদের কারিগরি দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
১৩ সেপ্টেম্বর নানিয়ারচর জোন সদর দপ্তরে শুরু হওয়া এ প্রশিক্ষণ ২৪ সেপ্টেম্বর শেষ হয়। এতে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের ১৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রশিক্ষণে মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে কাজ শেখার সুযোগ দিতে প্রশিক্ষণের শুরুতেই প্রত্যেককে প্রয়োজনীয় মোবাইল সার্ভিসিং টুলস দেওয়া হয়।
নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির দিকনির্দেশনায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ সময় প্রশিক্ষক, আয়োজক এবং সামরিক ও বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় মোবাইল সার্ভিসিংয়ের কাজের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।
নানিয়ারচর জোনের পক্ষ থেকে আরও জানানো হয়, পার্বত্য অঞ্চলের যুবসমাজকে কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
এই বাংলা/এমএস