নদীভাঙনে জমি ও পুরোনো ভিটা তলিয়ে যাওয়ায় সরিয়ে নেওয়া হয়েছিল বিদ্যালয়টি। কথা ছিল, নতুন জায়গায় গড়ে উঠবে শিক্ষার অনুকূল পরিবেশ। তবে দীর্ঘ ছয় বছর পেরিয়ে গেলেও বদলায়নি কুড়িগ্রামের চিলমারীর চরাঞ্চলের মগড়াকুড়া আকন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতি। নিচু মাঠ ভরাট না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জমে যায় কাদা-পানি। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যালয়ের সাড়ে ৩০০ শিক্ষার্থীকে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের বিদ্যালয়টি ঘুরে এমন চিত্র দেখা গেছে। ২০২০ সালে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিদ্যালয়ের মূল ভবন বিলীন হয়ে গেলে দক্ষিণ খাউরিয়ার চরের একটি নিচু ফসলি জমিতে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। সে সময় সাময়িকভাবে দুটি টিনশেড ঘর নির্মাণ করে পাঠদান শুরু করা হলেও ছয় বছরেও মাঠ ও আশপাশের নিচু জমি ভরাটের উদ্যোগ নেওয়া হয়নি।
বর্তমানে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কাদা-পানি মাড়িয়ে যাতায়াত করতে হয় শিক্ষার্থী ও শিক্ষকদের। এতে অনেক সময় শিক্ষার্থীদের জামাকাপড় ও বই-খাতা ভিজে যায়।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. মোস্তাফিজার রহমান ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোছা. সালমা খাতুন জানায়, মাঠ কাদায় ভরে থাকায় তারা খেলাধুলা করতে পারে না। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও স্থায়ী কোনো সমাধান হয়নি।
যাতায়াতের দুর্ভোগের পাশাপাশি বিদ্যালয়টিতে রয়েছে অবকাঠামোগত ও শ্রেণিকক্ষ সংকট। স্থানান্তরের সময় নির্মিত দুটি টিনশেড ঘরের একটি ইতোমধ্যে জরাজীর্ণ হয়ে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। অপর টিনশেডের ছয়টি কক্ষের একটি দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে বাকি পাঁচটি কক্ষে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করতে হচ্ছে।
এর সঙ্গে একই চত্বরে ব্র্যাক পরিচালিত ঝরে পড়া শিক্ষার্থীদের বিকল্প পাঠদান কার্যক্রম চলায় শ্রেণিকক্ষ সংকট আরও বেড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, দুর্গম চরাঞ্চলের সাড়ে ৩০০ শিক্ষার্থীর স্বাভাবিক পাঠদান নিশ্চিত করতে মাঠ ভরাট, পানি নিষ্কাশন ও নতুন ভবন নির্মাণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার বলেন, মাঠ ভরাট ও পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
চিলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৫’ (PEDP-5) চালু হলে বিদ্যালয়টির জন্য নতুন বহুতল ভবন নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। সমস্যার সমাধানে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
এই বাংলা/এমএস